“রূপনারানের কূলে জেগে উঠিলাম” – জেগে ওঠার পর কবির উপলব্ধি আলোচনা করো।

“রূপনারানের কূলে জেগে উঠিলাম” – জেগে ওঠার পর কবির উপলব্ধি আলোচনা করো।

(উত্তর) কবিতা পরিচয় : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষলেখা’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘রূপনারানের কূলে’ কবিতাটি কবির জীবন জিজ্ঞাসার এক নতুন দিকের উন্মোচন করে। আলোচ্য কবিতাটিতে কঠিন সত্যের জয়গান করা হয়েছে।

কবির উপলব্ধি

দীর্ঘ জীবন-যুদ্ধে ক্লান্ত জীবনের শেষ প্রান্তে পৌঁছে জীবন নদীর কূলে দাঁড়িয়ে নব উপলব্ধির সন্ধান পান –

“রূপনারানের কূলে

জেগে উঠিলাম,

জানিলাম এ জগৎ

স্বপ্ন নয়”।

অর্থাৎ মানবজীবন স্বপ্নের মায়ার আবদ্ধ নয়, সে জীবন হলো কঠিন বাস্তবভূমি।

কবি আলোচ্য কবিতায় মানবজীবনের এক পরম সত্য উদ্ঘাটন করেছেন। জীবন দর্শনের ব্যাখ্যায় তিনি জানিয়েছেন, সত্য হলো কঠিন। সত্য দুঃখ-যন্ত্রণা দিলেও তা মানুষকে প্রতারিত করে না। শত দুঃখ কষ্ট শোক সহ্য করেও কবি নিদারুণ সত্যকে পেতে চান। অভিজ্ঞতার মধ্যে দিয়ে কবি নিজের স্বরূপকে প্রত্যক্ষ করেছেন আঘাতে বেদনায় –

“চিনিলাম আপনারে

আঘাতে আঘাতে 

বেদনায় বেদনায়।” 

আলোচ্য কবিতায় মানব জীবনকে কল্পনার জগৎ থেকে বড়ো করে দেখিয়েছেন। দেরিতে হলেও কবির মোহমুক্তি ঘটেছে জীবনের উপান্তে। যে সত্য লাভের জন্য মানবজীবনের ঋণ জমা পড়ে, তার শোধ সম্পন্ন হয় মৃত্যুর মধ্যে দিয়ে। ঔপনিষদিক এই আত্মদর্শন ‘রূপনারানের কূলে’ কবিতায় প্রকাশ পেয়েছে।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত